হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল নির্মাণসহ সম্প্রসারণ প্রকল্পের ব্যয় আবারও বাড়ানো হয়েছে। তৃতীয় দফা সংশোধনে প্রকল্পটির ব্যয় ৮৪৭ কোটি ৫৮ লাখ টাকা বেড়ে মোট ২২ হাজার ২১৩ কোটি টাকা হয়েছে। পাশাপাশি প্রকল্পের মেয়াদ আরও এক বছর বাড়িয়ে ২০২৭ সালের জুন পর্যন্ত করা হয়েছে।
মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে প্রকল্পটির তৃতীয় সংশোধনী অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে মোট ১৩টি প্রকল্প অনুমোদন পায়। আরও তিনটি প্রকল্পের প্রস্তাব পুনর্গঠনের জন্য ফেরত পাঠানো হয়।
২০১৬ সালে অনুমোদনের সময় শাহজালাল বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের ব্যয় ছিল ১৩ হাজার ৬১০ কোটি টাকা। তখন ২০২২ সালের জুনের মধ্যে কাজ শেষ করার লক্ষ্য ছিল। পরে সময় বাড়ানোর পাশাপাশি কয়েক দফায় ব্যয়ও বৃদ্ধি করা হয়। এবার তৃতীয় সংশোধনের পর মূল অনুমোদিত ব্যয়ের তুলনায় প্রকল্পের ব্যয় বেড়েছে প্রায় ৭ হাজার ৭৪৫ কোটি টাকা।
প্রকল্পের অর্থায়নে সরকার দেবে ৫ হাজার ১১৬ কোটি টাকা। আর ১৭ হাজার ৯৭ কোটি টাকা ঋণ হিসেবে দিচ্ছে জাপানের উন্নয়ন সহযোগী সংস্থা জাইকা। প্রকল্পটি বাস্তবায়ন করছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
একনেক বৈঠকে প্রকল্পের সময় ও ব্যয় নিয়ন্ত্রণে রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পরিকল্পনা কমিশনের ব্রিফিংয়ে জানানো হয়, সম্ভাব্যতা যাচাইয়ের দুর্বলতার কারণে অনেক প্রকল্পে পরবর্তী সময়ে ব্যয় ও সময় বাড়ে। এ সমস্যা কমাতে প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য একটি পৃথক নীতিমালা প্রণয়নের সিদ্ধান্ত হয়েছে।



মন্তব্য করুন