কক্সবাজারের ঈদগাঁওয়ে হানিফ পরিবহনের একটি বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ফকিরাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, কক্সবাজারগামী বাসটি চকরিয়াগামী অটোরিকশাকে চাপা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত দুজনকে হাসপাতালে নেওয়া হলে সেখানেই তাঁদের মৃত্যু হয়।
নিহতদের মধ্যে চকরিয়ার খুটাখালীর সাহাব উদ্দিন (৪৩) ও লামার সাইফুল ইসলাম (২৪) রয়েছেন। সাইফুল পটিয়া মাদরাসার শিক্ষার্থী। নিহত নারীসহ অপর তিনজনের পরিচয় শনাক্তের কাজ চলছে।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম সিফাতুল মাজদার জানান, দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশা জব্দ করে থানায় নেওয়া হয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল বিঘ্নিত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

মন্তব্য করুন