https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নৃ-গোষ্ঠীর ঐতিহ্যবাহী খাবার, হস্তশিল্প, পণ্য এবং বৈচিত্র্যময় সংস্কৃতিকে তুলে ধরতে তিন দিনব্যাপী বর্ণিল ‘হারমোনি ফেস্টিভ্যাল’ শুরু হয়েছে। শনিবার শ্রীমঙ্গলের ফুলছড়া চা বাগান মাঠে আয়োজিত এ উৎসবের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, দেশের পর্যটন খাতকে আরও এগিয়ে নিতে সরকার নানা পরিকল্পনা বাস্তবায়ন করছে। কর্মসংস্থান সৃষ্টি এবং এথনিক ট্যুরিজমের বিকাশের লক্ষ্যে দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তিনি নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে একটি নৃগোষ্ঠী সাংস্কৃতিক একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
মন্ত্রী আরও জানান, বিদেশি পর্যটক আকর্ষণে সিলেট বিমানবন্দর সম্প্রসারণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পর্যটনের মাধ্যমে সিলেটকে আন্তর্জাতিক অঙ্গনে আরও পরিচিত করে তোলাই সরকারের লক্ষ্য।
প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, সরকারের নির্বাচনী ইশতেহারে অঞ্চলভিত্তিক সুষম উন্নয়ন এবং পর্যটন খাতের বিকাশে কমিউনিটি, এথনিক ও ওয়াটার ট্যুরিজমকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি বলেন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিলুপ্তপ্রায় সংস্কৃতি সংরক্ষণ ও টেকসইভাবে বিকাশের লক্ষ্যে এ হারমোনি ফেস্টিভ্যাল আয়োজন করেছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য এম নাসের রহমান, মো. মুজিবুর রহমান চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার এবং জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ড জানিয়েছে, পর্যটন শিল্পে পণ্য উন্নয়ন ও প্রচারের অংশ হিসেবে ভবিষ্যতে প্রতিবছর শ্রীমঙ্গলে নির্দিষ্ট সময়ে এ উৎসব আয়োজনের পরিকল্পনা রয়েছে। এর ফলে দেশি-বিদেশি পর্যটকদের জন্য আকর্ষণীয় ট্যুর প্যাকেজ প্রস্তুত ও বিপণনের সুযোগ সৃষ্টি হবে।