ঢাকা
২৮ আগস্ট ২০২৬

নারী মরদেহের ময়নাতদন্তে নারী ডোম নিয়োগের নির্দেশনা চেয়ে রিট

ডেস্ক রিপোর্ট
সোমবার, ১৩ জুলাই ২০২৬   ২৯ বার পঠিত
নারী মরদেহের ময়নাতদন্তে নারী ডোম নিয়োগের নির্দেশনা চেয়ে রিট

ছবি: -সংগৃহীত

দেশের ময়নাতদন্ত সুবিধাসম্পন্ন সব হাসপাতালে নারী মরদেহের ময়নাতদন্তের জন্য অন্তত একজন করে নারী ডোম নিয়োগের নির্দেশনা চেয়ে হাইকোর্টে জনস্বার্থে রিট আবেদন করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মনির উদ্দিন এ রিট দায়ের করেন। এতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে।

রিট আবেদনের আগে একই দাবিতে স্বাস্থ্য অধিদপ্তরে আবেদন করেছিলেন ওই আইনজীবী। তবে এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ না হওয়ায় তিনি হাইকোর্টের শরণাপন্ন হন।

রিটে বলা হয়েছে, বাংলাদেশে বিভিন্ন ধর্মে নারী মরদেহের মর্যাদা ও গোপনীয়তা রক্ষার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। ময়নাতদন্ত একটি আইনগত প্রক্রিয়া হলেও নারী মরদেহের ক্ষেত্রে নারী ডোম নিয়োগ করলে ধর্মীয় সংবেদনশীলতা, ব্যক্তিগত মর্যাদা এবং পরিবারের মানসিক স্বস্তি নিশ্চিত করা সম্ভব হবে।

আবেদনে আরও উল্লেখ করা হয়, অতীতে দেশের বিভিন্ন মর্গে নারী মরদেহের সঙ্গে অসদাচরণের অভিযোগ সামনে এসেছে। এসব ঘটনায় মৃত ব্যক্তির মর্যাদা ও মানবাধিকার প্রশ্নবিদ্ধ হয়েছে। নারী ডোম নিয়োগ করা হলে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার ঝুঁকি কমবে এবং ময়নাতদন্ত প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরাপত্তা আরও জোরদার হবে।

রিটে আরও বলা হয়েছে, বর্তমান সময়ে নারীরা প্রায় সব পেশাতেই দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। সে বিবেচনায় ময়নাতদন্তের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রেও নারী ডোম নিয়োগ সময়ের দাবি। এতে একদিকে বৈষম্য দূর হবে, অন্যদিকে নারী মরদেহের সম্ভ্রম ও গোপনীয়তা রক্ষাও নিশ্চিত করা যাবে।

এছাড়া আন্তর্জাতিক মানবাধিকার নীতিমালা অনুযায়ী, মৃত্যুর পরও একজন মানুষের মর্যাদা ও ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান প্রদর্শন রাষ্ট্রের দায়িত্ব বলে রিটে উল্লেখ করা হয়েছে।

রিটে দেশের সব ময়নাতদন্ত সুবিধাসম্পন্ন হাসপাতালে অন্তত একজন করে নারী ডোম নিয়োগ এবং নারী মরদেহের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় নীতিমালা ও কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চাওয়া হয়েছে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031