জামিন প্রক্রিয়া দ্রুত, স্বচ্ছ ও সহজ করতে দেশের আরও ১২ জেলায় ‘ই-বেইল বন্ড’ ব্যবস্থা চালু করছে সরকার। বৃহস্পতিবার থেকে টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মুন্সীগঞ্জ, কক্সবাজার, চাঁদপুর, রাঙামাটি, সিরাজগঞ্জ, বাগেরহাট, পটুয়াখালী, হবিগঞ্জ, ঠাকুরগাঁও ও জামালপুরে এ ব্যবস্থা চালু হবে।

আইন মন্ত্রণালয় জানিয়েছে, ই-বেইল বন্ড চালু হলে আদালত, আইনজীবী, কারা কর্তৃপক্ষ ও বিচারপ্রার্থীদের সময় ও অর্থ সাশ্রয় হবে এবং জামিন প্রক্রিয়ায় বিলম্ব ও আমলাতান্ত্রিক জটিলতা কমবে।

আগে জামিননামা সম্পন্ন করতে আদালত থেকে কারাগার পর্যন্ত ১৩টি ধাপ পার হতে হতো। ই-বেইল বন্ডে পুরো প্রক্রিয়া মাত্র তিনটি প্রধান ধাপে সম্পন্ন হচ্ছে।

২০২৫ সালের ১৫ অক্টোবর নারায়ণগঞ্জে প্রথমবার এ ব্যবস্থা চালু করা হয়। এরপর আরও ১৫ জেলায় তিন ধাপে এটি চালু হয়েছে। নতুন ১২ জেলা যুক্ত হলে মোট ২৮ জেলায় ই-বেইল বন্ড ব্যবস্থা চালু হবে।