https://timenewsbangla.com

দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) নবনিযুক্ত প্রশাসক মো. ফজলুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কমনওয়েলথ অব ইন্ডিপেনডেন্ট স্টেটস-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিআইএস-বিসিসিআই) সভাপতি ও পরিচালনা পর্ষদের সদস্যরা।
বুধবার (১২ আগস্ট) রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সিআইএস-বিসিসিআই সভাপতি যাদব দেবনাথের নেতৃত্বে পরিচালনা পর্ষদের সদস্যরা এফবিসিসিআইয়ের নবনিযুক্ত প্রশাসক মো. ফজলুল হককে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
সাক্ষাৎকালে যাদব দেবনাথ এফবিসিসিআই প্রশাসকের দক্ষ নেতৃত্ব ও দিকনির্দেশনার মাধ্যমে দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের স্বার্থ সংরক্ষণ এবং সামগ্রিক বাণিজ্য ও বিনিয়োগ পরিবেশ শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি এফবিসিসিআই পরিচালনা পর্ষদের নির্বাচনে যৌথ চেম্বারগুলোকে ভোটাধিকার দেওয়ার অনুরোধ জানান। এর মাধ্যমে এফবিসিসিআইয়ের কার্যক্রমে যৌথ চেম্বারগুলোর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করার কথা বলেন তিনি।
এ ছাড়া যৌথ চেম্বারগুলোর বার্ষিক চাঁদার হার কমানো এবং সংগঠনে সমতাভিত্তিক প্রতিনিধিত্ব নিশ্চিত করতে প্রশাসকের সহযোগিতা কামনা করেন সিআইএস-বিসিসিআই সভাপতি।
এফবিসিসিআই প্রশাসক সিআইএস-বিসিসিআইয়ের এসব প্রস্তাবকে স্বাগত জানান। একই সঙ্গে ব্যবসায়ী সংগঠনগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় আরও জোরদার করার ওপর তাগিদ দেন।
সাক্ষাতে সিআইএস-বিসিসিআইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তৌহিদা সুলতানা, পরিচালক সালমা হোসেন এ্যাশ, মো. এনামুল হক, খান মো. ইকবাল, উপদেষ্টা মাহবুব ইসলাম রুনু, এম. এস. সিদ্দিকী এবং চেম্বারের উপ-সচিব মো. আব্দুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।