https://timenewsbangla.com

নেপালের রাজধানী কাঠমান্ডুতে বৈরী আবহাওয়ার কারণে অবতরণ করতে না পেরে চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী ফ্লাইট দুই দফায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে এসেছে।
শনিবার চীনের কুনমিং বিমানবন্দর থেকে ১১৬ জন যাত্রী ও ক্রু নিয়ে কাঠমান্ডুর উদ্দেশে যাত্রা করে ফ্লাইটটি। নেপালের আকাশসীমায় পৌঁছানোর পর কাঠমান্ডু বিমানবন্দরের আশপাশের আবহাওয়া দ্রুত প্রতিকূল হয়ে ওঠে। ফলে দীর্ঘ সময় আকাশে চক্কর দিয়েও নিরাপদে অবতরণ করতে পারেনি উড়োজাহাজটি।
পরিস্থিতি অনুকূলে না আসায় বিমান চলাচল নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নির্দেশে ফ্লাইটটি ঢাকার দিকে ঘুরিয়ে দেওয়া হয়। বিকেল সোয়া ৫টার দিকে উড়োজাহাজটি নিরাপদে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
পরে কাঠমান্ডুর আবহাওয়া কিছুটা স্বাভাবিক হওয়ার সম্ভাবনা দেখা দিলে প্রয়োজনীয় জ্বালানি ও অন্যান্য প্রস্তুতি শেষে ফ্লাইটটি আবারও ঢাকা থেকে কাঠমান্ডুর উদ্দেশে ছেড়ে যায়।
কিন্তু দ্বিতীয়বার নেপালের আকাশসীমায় পৌঁছেও একই পরিস্থিতির মুখে পড়ে উড়োজাহাজটি। বৈরী আবহাওয়ার কারণে একাধিকবার অবতরণের চেষ্টা করেও সফল হতে পারেননি পাইলট। শেষ পর্যন্ত যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ফ্লাইটটি আবার ঢাকার দিকে ফিরিয়ে আনা হয়।
রাত সাড়ে ১১টার দিকে দ্বিতীয়বারের মতো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে উড়োজাহাজটি।
হঠাৎ এমন পরিস্থিতিতে পড়ে যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হলেও বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। পরে বিমানবন্দর কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে ১১৬ জন যাত্রী ও ক্রুর রাতযাপনের জন্য রাজধানীর হোটেলে সাময়িক আবাসনের ব্যবস্থা করা হয়।
এ ছাড়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে বিমানবন্দরের অভিবাসন ও নিরাপত্তা সংস্থাগুলোর সহযোগিতায় যাত্রীদের প্রয়োজনীয় নথিপত্র ও ছাড়পত্রের প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
কাঠমান্ডুর আবহাওয়া স্বাভাবিক হলে পরবর্তী সুবিধাজনক সময়ে ফ্লাইটটি আবারও সেখানে পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।