ঢাকা
৩১ আগস্ট ২০২৬

ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ : অর্থমন্ত্রী

রবিবার, ৩০ আগস্ট ২০২৬   ৮ বার পঠিত
ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ : অর্থমন্ত্রী

ফ্যামিলি কার্ড বিতরণে মাত্র ১ দশমিক ২ শতাংশ ত্রুটি হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাংলাদেশের প্রেক্ষাপটে এ ত্রুটির হার অত্যন্ত নগণ্য উল্লেখ করে তিনি বলেন, পাইলট প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হয়েছে।

রোববার (৩০ আগস্ট) চট্টগ্রাম সার্কিট হাউজে ‘বন্যা-পরবর্তী পুনরুদ্ধার ও পুনর্বাসন সহায়তা’ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, কোনো রাজনৈতিক বিবেচনা বা দলীয় পক্ষপাতিত্বের ভিত্তিতে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়নি এবং ভবিষ্যতেও হবে না।

তিনি বলেন, ত্রাণ ও সহায়তা বিতরণে সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি। দুর্নীতি, অপচয় ও ব্যবস্থাপনার দুর্বলতার কারণে দেশে সহায়তা বিতরণে অনেক সময় ক্ষতি হয়।

সরকারের বিভিন্ন কার্যক্রমে সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি খাত ও এনজিওগুলোর মধ্যে অংশীদারত্ব গড়ে তোলা হচ্ছে জানিয়ে আমির খসরু বলেন, বন্যা-পরবর্তী পুনর্বাসনের পাশাপাশি নতুন অর্থনৈতিক মডেলেও এই যৌথ অংশীদারত্বকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, সরকার প্রাথমিকভাবে জরুরি সহায়তা দিলেও শিক্ষা প্রতিষ্ঠান পুনর্গঠন, প্রতিবন্ধীদের সহায়তা ও অন্যান্য দীর্ঘমেয়াদি পুনর্বাসনে বেসরকারি খাত ও এনজিওগুলোকে যুক্ত করা হচ্ছে। এতে সরকারি সম্পদের পাশাপাশি বেসরকারি সম্পদও কাজে লাগানো সম্ভব হচ্ছে।

অর্থমন্ত্রী দাবি করেন, বেসরকারি খাত ও এনজিওগুলোকে সহায়তা বিতরণ ব্যবস্থায় যুক্ত করলে দক্ষতা বাড়ার পাশাপাশি অপচয় ও দুর্নীতি কমে আসে। বন্যা-পরবর্তী সহায়তা কার্যক্রমে এখন পর্যন্ত কোনো দুর্নীতির অভিযোগ পাওয়া যায়নি বলেও জানান তিনি।

ফ্যামিলি কার্ডের মতো কার্যকর বিতরণ ব্যবস্থা সরকারের অপচয় ও দুর্নীতি কমাতে ভূমিকা রাখছে উল্লেখ করে তিনি বলেন, ব্র্যাকসহ বিভিন্ন সংস্থা এই পুনর্বাসন কার্যক্রমে কাজ করছে। সাধারণ মানুষের প্রকৃত পুনর্বাসন নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।