https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের (মমেক) নতুন ভবনের লিফটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। আগুনের ঘটনায় আতঙ্কে রোগী ও স্বজনদের মধ্যে হুড়োহুড়ি শুরু হলে নামতে গিয়ে কয়েকজন আহত হন।
ময়মনসিংহ সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জুলহাজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে লিফট থেকে তখনও প্রচণ্ড ধোঁয়া বের হচ্ছিল। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
তিনি বলেন, আগুন লাগার পর হুড়োহুড়ি করে নামতে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এ সময় কয়েকজন পড়ে গিয়ে আহত হয়েছেন। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হবে।
হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাঈন উদ্দিন খান বলেন, প্রাথমিকভাবে লিফটের মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে হাসপাতালের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং চিকিৎসাসেবাও যথারীতি চলছে।
তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত কমিটি গঠন করা হবে।