https://timenewsbangla.com

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের সময় পদদলিত হয়ে কেউ মারা যায়নি বলে জানিয়েছেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার এস. এম. হুমায়ুন কবীর।
তিনি জানান, বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত মৃত্যুর তালিকায় থাকা পাঁচজনের মধ্যে একজন বর্তমানে জীবিত ও হাসপাতালে চিকিৎসাধীন। অন্য দুজনের স্বাভাবিক মৃত্যু হয়েছে। বাকি দুজনের মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সোমবার দিবাগত রাত পৌনে ১টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ ও প্রশাসনের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব তথ্য জানান বিভাগীয় কমিশনার।
তিনি বলেন, অগ্নিকাণ্ডের সময় হুড়োহুড়ি করে নামতে গিয়ে কয়েকজন আহত হলেও পদদলিত হয়ে মৃত্যুর কোনো প্রমাণ পাওয়া যায়নি। হাসপাতালের রেজিস্টার, চিকিৎসক, ফায়ার সার্ভিস ও স্টাফদের সঙ্গে কথা বলে বিষয়টি যাচাই করা হয়েছে।
তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্তে কারও অনিয়ম বা দায় পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
এর আগে সোমবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনের একটি নষ্ট লিফট থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন ছড়িয়ে পড়ার পর রোগী, স্বজন ও হাসপাতালের কর্মীদের মধ্যে আতঙ্ক ও হুড়োহুড়ি তৈরি হয়।