লালমনিরহাটের পাটগ্রামে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার বুড়িমারী ঘন্টিবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, যাত্রীবাহী একটি ইজিবাইক বুড়িমারী থেকে পাটগ্রামের দিকে যাচ্ছিল। একই সময়ে লালমনিরহাট থেকে একটি ট্রাক বুড়িমারী স্থলবন্দরের দিকে যাচ্ছিল। ঘন্টিবাজার এলাকায় পৌঁছালে যান দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। পরে ট্রাকটি ইজিবাইককে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি মুদি দোকানের ওপর উল্টে পড়ে।
এতে ইজিবাইকের যাত্রী ও দোকানে থাকা ব্যক্তিদের মধ্যে তিনজন নিহত হন। নিহত তিনজনই পুরুষ বলে জানিয়েছে পুলিশ।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহত চারজনকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম দুর্ঘটনায় তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন