নেপালে ভারী বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসের কারণে বাংলাদেশি পর্যটক ও ট্রেকারদের সতর্ক করেছে বাংলাদেশ দূতাবাস। আবহাওয়া ও পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকায় ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাসের সতর্কবার্তায় বিশেষ করে পিসাং, চামে, মানাং ও আশপাশের পর্যটন এলাকায় অতিরিক্ত সতর্কতা অবলম্বনের কথা বলা হয়েছে। টানা বৃষ্টি, ভূমিধস ও তুষারপাতের কারণে বিভিন্ন এলাকায় সড়ক যোগাযোগ ব্যাহত হচ্ছে। দুর্গম ভূপ্রকৃতি ও যোগাযোগব্যবস্থা বিঘ্নিত হওয়ায় উদ্ধার কার্যক্রমও কঠিন হয়ে পড়েছে।
কর্তৃপক্ষ ইতোমধ্যে মানাংয়ের কয়েকটি এলাকায় ট্রেকিং স্থগিত করেছে। এর মধ্যে রয়েছে তিলিচো লেক, থরং লা পাস, আইস লেক, কাং লা ও ভীমথাং।
এ ছাড়া ভূমিধসের কারণে পোখারা ও আশপাশের এলাকায় সড়ক যোগাযোগ ও ট্রেকিং গন্তব্যে যাতায়াত ব্যাহত হতে পারে বলে সতর্ক করেছে দূতাবাস। মুস্তাং, জমসমসহ পার্বত্য এলাকায় যাওয়ার আগে গান্দাকি প্রদেশের সড়ক পরিস্থিতি সম্পর্কে সর্বশেষ তথ্য জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
অন্নপূর্ণা, মানাং, মুস্তাং ও মানাসলুসহ ভূমিধসপ্রবণ এলাকায় ভ্রমণের আগে নেপাল সরকার ও স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।
ইতোমধ্যে ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থানরত বাংলাদেশিদের নিরাপদ স্থানে থাকা, নদীর তীর ও ভূমিধসপ্রবণ এলাকা এড়িয়ে চলা এবং যাত্রার আগে সড়ক ও আবহাওয়ার পরিস্থিতি যাচাই করার পরামর্শ দিয়েছে দূতাবাস। পাশাপাশি ট্রাভেল অপারেটর ও বাংলাদেশ দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেও বলা হয়েছে।
দূতাবাস জানিয়েছে, তারা নেপালের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজন অনুযায়ী পরবর্তী তথ্য জানাবে।

মন্তব্য করুন