কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বাংলাদেশ সেনাবাহিনীর নারী সদস্যের ছবি ও ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহার করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। নারী পরিচয়ে ইতালি প্রবাসী এক তরুণের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে প্রায় ৭ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

গ্রেপ্তার ব্যক্তি তোফায়েল আলম টিটু (৩৫)। পিবিআই ঢাকা জেলা জানায়, লেডি সোলজার/নারী যোদ্ধা নামে একটি ফেসবুক পেজের মাধ্যমে নিজেকে নারী সেনাসদস্য হিসেবে পরিচয় দিতেন তিনি। পেজটিতে সেনাবাহিনীর নারী সদস্যের পোশাক পরা ছবি ও ভিডিও ব্যবহার করা হতো।

পিবিআইয়ের তথ্য অনুযায়ী, কেরানীগঞ্জের বাসিন্দা শাহনাজ বেগমের ইতালি প্রবাসী ছেলে শাহাদাত খানের (২২) সঙ্গে ওই পেজের মাধ্যমে টিটুর পরিচয় হয়। পরে নারীর মতো কণ্ঠে ফোন ও ইমোতে কথা বলে শাহাদাতের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন বলে অভিযোগ।

এরপর বিভিন্ন অজুহাতে শাহাদাত ও তার মায়ের কাছ থেকে বিকাশ ও নগদের মাধ্যমে প্রায় ৭ লাখ টাকা নেওয়া হয়। নিজের মায়ের অসুস্থতার কথা বলেও টাকা নেওয়া হয়েছে বলে তদন্তে উঠে এসেছে।

ভুক্তভোগীর মা আদালতে মামলা করার পর বিষয়টি তদন্তে নেয় পিবিআই। আর্থিক লেনদেন ও বিভিন্ন নথি বিশ্লেষণ করে টিটুর সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়।

গত ২০ সেপ্টেম্বর ঢাকার দারুস সালাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় প্রতারণায় ব্যবহৃত বিকাশ ও নগদের সিমসহ তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পিবিআই জানায়, গ্রেপ্তারের পর আদালত টিটুর এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে ২৩ সেপ্টেম্বর তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

প্রতারণার ঘটনায় আরও কেউ জড়িত কি না এবং আত্মসাৎ করা অর্থের বিষয়ে অতিরিক্ত তথ্য পাওয়া যায় কি না, তা খতিয়ে দেখছে পিবিআই। তদন্ত অব্যাহত রয়েছে।