কক্সবাজার বিমানবন্দরের নবনির্মিত আন্তর্জাতিক টার্মিনালে পরীক্ষামূলকভাবে কার্যক্রম শুরু হয়েছে। সোমবার সকাল থেকে প্রায় ১৮ হাজার বর্গমিটার আয়তনের আধুনিক এই টার্মিনাল দিয়ে অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করা হচ্ছে।
নতুন টার্মিনাল চালুর পর যাত্রীদের মধ্যে সন্তোষ দেখা গেছে। প্রশস্ত আগমন ও বহির্গমন এলাকা, বড় বোর্ডিং লাউঞ্জ, পরিচ্ছন্ন পরিবেশ এবং উন্নত লাগেজ ব্যবস্থাপনার কারণে যাত্রীরা স্বাচ্ছন্দ্য প্রকাশ করেছেন। বিমান সংস্থাগুলোর কর্মকর্তারাও বলছেন, নতুন টার্মিনালে দেশি-বিদেশি যাত্রীদের জন্য আন্তর্জাতিক মানের বিভিন্ন সুবিধা রাখা হয়েছে।
যাত্রী নিরাপত্তা ও হয়রানি প্রতিরোধে বিমানবন্দরে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তাব্যবস্থা। আনসার, বিমানবাহিনী, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিরাপত্তা বিভাগ এবং পুলিশের এপিবিএনসহ প্রায় ১৬টি সংস্থা ও বিভাগ নিরাপত্তার দায়িত্ব পালন করছে।
সংশ্লিষ্টদের পরিকল্পনা অনুযায়ী, অক্টোবরের শুরুতে টার্মিনালটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এরপর কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে ব্যবহার করে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা শুরু হওয়ার কথা রয়েছে।
নতুন আন্তর্জাতিক টার্মিনাল চালু হলে কক্সবাজারের সঙ্গে বিভিন্ন দেশের সরাসরি আকাশ যোগাযোগের সুযোগ তৈরি হবে। এতে দেশি-বিদেশি পর্যটকদের যাতায়াত আরও সহজ হওয়ার পাশাপাশি কক্সবাজারের পর্যটন খাতে নতুন সম্ভাবনা তৈরি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন