চলতি ২০২৬-২৭ অর্থবছরের আয়কর রিটার্ন জমা দেওয়ার প্রথম সময়সীমা শেষ হচ্ছে আজ বুধবার (৩০ সেপ্টেম্বর)। নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন জমা দিলে করদাতারা প্রদেয় করের ওপর ৫ শতাংশ বা সর্বোচ্চ ২৫ হাজার টাকা—যেটি কম, সেই পরিমাণ করছাড় পাবেন।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন নিয়ম অনুযায়ী, চলতি অর্থবছর থেকে নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে এ সুবিধা দেওয়া হচ্ছে।

ধরা যাক, কোনো করদাতার গত বছরের ১ জুলাই থেকে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত করযোগ্য আয় ৭ লাখ টাকা। প্রথম ৪ লাখ টাকা করমুক্ত হওয়ায় বাকি ৩ লাখ টাকার ওপর ১০ শতাংশ হারে ৩০ হাজার টাকা কর দিতে হবে। আজ রিটার্ন জমা দিলে তিনি প্রদেয় করের ৫ শতাংশ অর্থাৎ ১ হাজার ৫০০ টাকা করছাড় পাবেন। ফলে তাকে দিতে হবে ২৮ হাজার ৫০০ টাকা।

তবে সারা বছর উৎসে বা অগ্রিম হিসেবে পরিশোধ করা করের ওপর এ ছাড় প্রযোজ্য হবে না। সঞ্চয়পত্রের মুনাফা, ব্যাংকের এফডিআরসহ বিভিন্ন উৎস থেকে কেটে রাখা কর এবং বেতন-ভাতা থেকে মাসিক ভিত্তিতে পরিশোধ করা অগ্রিম কর এই সুবিধার আওতায় পড়বে না।

অর্থাৎ রিটার্ন জমার সময় অগ্রিম ও উৎসে কর বাদ দেওয়ার পর যে নিট কর পরিশোধ করতে হবে, শুধু সেই অর্থের ওপরই করছাড় পাওয়া যাবে।

এদিকে, নির্ধারিত সময় পেরিয়ে গেলে করদাতাদের আর প্রণোদনা দেওয়া হবে না। অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে রিটার্ন জমা দিলে কোনো করছাড় থাকবে না। জানুয়ারি থেকে মার্চে রিটার্ন জমা দিলে পরিশোধযোগ্য করের অতিরিক্ত ২ শতাংশ বা সর্বনিম্ন ৩ হাজার টাকা জরিমানা দিতে হবে। আর এপ্রিল থেকে জুনের মধ্যে রিটার্ন দিলে অতিরিক্ত ৫ শতাংশ বা সর্বনিম্ন ৫ হাজার টাকা জরিমানা দিতে হবে।