চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গরুবোঝাই ভটভটি উল্টে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত আটজন। তাঁদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের পুস্কুনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের পুলিশমাইল এলাকার আয়েস উদ্দিন, তাঁর ছেলে শরিফুল ইসলাম এবং আব্দুল হাকিম।

নিহতদের স্বজন শফিকুল ইসলাম জানান, তিনি, তাঁর শ্বশুর এবং আরও ১০ থেকে ১২ জন চাঁপাইনবাবগঞ্জের সোনাইচণ্ডী হাটে গরু কিনতে গিয়েছিলেন। কেনাকাটা শেষে ফেরার পথে পুস্কুনি এলাকায় পৌঁছালে গরুবোঝাই ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

এতে ঘটনাস্থলেই আয়েস উদ্দিনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তাঁর ছেলে শরিফুল ইসলাম মারা যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল হাকিমের মৃত্যু হয়।

শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আবুল হায়াত দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আহতদের মধ্যে পাঁচজনের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁদের দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।