দীর্ঘ তিন মাস ধরে নিখোঁজ ছিলেন মানসিকভাবে অসুস্থ এক নারী। স্বামীসহ পরিবারের সদস্যরা তাকে খুঁজেছেন বিভিন্ন জায়গায়। অবশেষে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওর মাধ্যমে তার সন্ধান মিলল। স্ত্রীকে ফিরে পেয়ে আবেগে জড়িয়ে ধরলেন স্বামী।

হৃদয়স্পর্শী এই ঘটনাটি ঘটেছে মানিকগঞ্জের সাটুরিয়ায়। স্থানীয়ভাবে জানা গেছে, প্রায় তিন মাস আগে সাটুরিয়ার নিজ বাড়ি থেকে নিখোঁজ হন ওই নারী। এরপর স্ত্রীকে খুঁজতে আত্মীয়-স্বজনের বাড়ি, রেলস্টেশন, বাস টার্মিনাল, মাজারসহ বিভিন্ন স্থানে ছুটে বেড়ান তার স্বামী।

এদিকে নিজের নাম-ঠিকানা ভুলে যাওয়া ওই নারী আশ্রয়হীন অবস্থায় দিন কাটাচ্ছিলেন মানিকগঞ্জের সিংগাইরের গোবিন্দল গ্রামের রাস্তার পাশে। রোদ-বৃষ্টি উপেক্ষা করে কখনো মানুষের দ্বারে দ্বারে ঘুরে আশ্রয় ও খাবারের সন্ধান করছিলেন তিনি।

এ সময় তার অসহায় অবস্থার বিষয়টি নজরে পড়ে স্থানীয় ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর ‘ভয়েস অব রবিউল ভাই’-এর। নারীটির দুরবস্থা দেখে তিনি একটি ভিডিও তৈরি করে ফেসবুকে প্রকাশ করেন। ভিডিওটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

একপর্যায়ে ভিডিওটি ওই নারীর স্বামীর মোবাইল ফোনেও পৌঁছে যায়। ভিডিওতে স্ত্রীকে দেখেই তিনি তার পরিচয় ও অবস্থান নিশ্চিত করেন এবং দ্রুত সেখানে ছুটে যান। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) প্রায় তিন মাস পর স্বামী তার নিখোঁজ স্ত্রীকে খুঁজে পান।

ঘটনাস্থলে পৌঁছানোর পর স্ত্রীকে দেখেই আবেগাপ্লুত হয়ে পড়েন স্বামী। মানসিকভাবে অসুস্থ হলেও দীর্ঘদিনের পরিচিত মানুষটিকে দেখামাত্রই চিনতে পারেন ওই নারী। স্বামী তাকে জড়িয়ে ধরলে তিনিও বুকে মুখ লুকিয়ে কান্নায় ভেঙে পড়েন। এ সময় উপস্থিত স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মধ্যেও আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়।

স্ত্রীকে ফিরে পেয়ে স্বামী আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে এই পুনর্মিলনের ভিডিও বুধবার (৩০ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সাড়া পড়ে। অনেকেই কনটেন্ট ক্রিয়েটর রবিউল হকের মানবিক উদ্যোগের প্রশংসা করেন।

রবিউল হক বলেন, রাস্তার পাশে ওই নারীকে অসহায় অবস্থায় দেখে তার খুব কষ্ট হয়েছিল। তাকে যেভাবেই হোক পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার চিন্তা থেকেই ভিডিওটি তৈরি করে ফেসবুকে প্রকাশ করেন তিনি। শেষ পর্যন্ত তার স্বামী এসে স্ত্রীকে নিয়ে যাওয়ায় ঘটনাটি তার জন্যও অত্যন্ত আবেগঘন ও স্মরণীয় হয়ে থাকবে বলে জানান তিনি।