খুলনায় রূপসা এক্সপ্রেসের দুটি বগি লাইনচ্যুত হওয়ার প্রায় তিন ঘণ্টা পর সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। শনিবার (৩ অক্টোবর) রাত ৯টা ৫০ মিনিটের দিকে খুলনা রেলওয়ে ইয়ার্ডে ট্রেনটি ওয়াশপিটে নেওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। এতে দুটি বগির মোট ১২টি চাকা লাইনচ্যুত হয়।
ট্রেনটি খালি থাকায় এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে দুর্ঘটনার কারণে খুলনা থেকে ঢাকাগামী নকশীকাঁথা এক্সপ্রেসের যাত্রা বিলম্বিত হয় এবং সীমান্ত এক্সপ্রেসের চলাচলও অনিশ্চিত হয়ে পড়ে।
রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুত উদ্ধারকাজ শুরু করে। পরে লাইনচ্যুত বগি সরিয়ে রাত ১টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক করা হয়। সীমান্ত এক্সপ্রেসও বিকল্প ব্যবস্থায় রাত ২টার দিকে খুলনা থেকে ছেড়ে যায়।
খুলনা স্টেশন মাস্টার মোহাম্মদ জাকির হোসেন জানান, দ্রুত উদ্ধারকাজ শেষ করে রেল যোগাযোগ স্বাভাবিক করা হয়েছে।

মন্তব্য করুন