খুলনায় ছিনতাইকারীদের হামলায় গুরুতর আহত হয়েছেন শাহ আলম (৪৩) নামে এক পুলিশ পরিদর্শক। এ সময় তার কাছ থেকে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। পরে আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে তাকে।

শুক্রবার (৯ অক্টোবর) রাত আড়াইটার দিকে খুলনা মহানগরীর সদর থানাধীন কলেজিয়েট স্কুলের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, বিশেষ অভিযান শেষে রিকশায় করে পুলিশ ক্লাবে যাচ্ছিলেন পরিদর্শক শাহ আলম। পথে কলেজিয়েট স্কুলের সামনে পৌঁছালে তিনজন অজ্ঞাতপরিচয় ছিনতাইকারী তার রিকশার গতিরোধ করে।

এ সময় ছিনতাইকারীরা তার কাছ থেকে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। একপর্যায়ে তারা চাপাতি দিয়ে তার দুই হাতে কোপ দেয়। এতে গুরুতর আহত হন তিনি।

পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।