ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পূর্ববিরোধের জেরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার চর চারতলা গ্রামের কিছকির বাড়ি ও আক্কার বাড়ির লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুই গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার রাত ১০টার দিকে দেড় বছর আগের একটি চুরির ঘটনা নিয়ে আক্কার বাড়ির কবির ও কিছকির বাড়ির আলামিনের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। এর জের ধরে রাতেই দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

এ সময় রাতের অন্ধকারে টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের লোকজন ধাওয়া-পাল্টাধাওয়া করেন এবং ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে অন্তত ১৫ জন আহত হন। খবর পেয়ে আশুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। রাত ১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তী সহিংসতা এড়াতে সেখানে পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।