চট্টগ্রামের পটিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক পারাপারের সময় লেগুনার ধাক্কায় তাসপিয়া (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিয়ন্ত্রণ হারিয়ে লেগুনাটি উল্টে গেলে আরও তিনজন আহত হন।

শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার গৈড়লারটেক এলাকায় একটি গ্যাস পাম্পের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাসপিয়া বাঁশখালী উপজেলার আবু হানিফের মেয়ে। তার বাবা পেশায় একজন দিনমজুর। স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি মাসে তিনি গৈড়লারটেক এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস শুরু করেন।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সকালে চট্টগ্রাম নগরী থেকে পটিয়াগামী একটি যাত্রীবাহী লেগুনা গৈড়লারটেক এলাকায় পৌঁছালে মহাসড়ক পার হওয়ার সময় তাসপিয়াকে ধাক্কা দেয়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে লেগুনাটি উল্টে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। এ সময় লেগুনায় থাকা আরও তিন যাত্রী আহত হন।

আহত ব্যক্তিরা হলেন পটিয়ার কেলিশহর ইউনিয়নের আবদুল মান্নানের ছেলে মো. ইকবাল (৩০), পটিয়া সদরের মৃত মোজাহের মিয়ার ছেলে মো. হাবিব (৪৫) এবং আহমদ রহমানের ছেলে আজগর আলী (১৭)।

স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কৃষ্ণা সরকার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় আহত চারজনকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই শিশু তাসপিয়ার মৃত্যু হয়। বাকি তিনজন চিকিৎসাধীন রয়েছেন।

পটিয়া ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশের সদস্য আবদুল বারেককে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। একটি শিশু নিহত হয়েছে বলে তিনি শুনেছেন। তবে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে না পারায় দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত জানাতে পারেননি।