নারায়ণগঞ্জের ফতুল্লায় জামিয়া আশরাফিয়া কওমিয়া মাদ্রাসার লাইব্রেরিতে আগুন লাগার ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে ৬৩ শিক্ষার্থী জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার এ তথ্য জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের শরীরে দগ্ধ হওয়ার কোনো চিহ্ন নেই। মূলত আগুনের ধোঁয়ায় শ্বাসকষ্টজনিত সমস্যায় তাঁরা আক্রান্ত হয়েছেন। রোগীর সংখ্যা আরও বাড়ছে।

মাদ্রাসার শিক্ষা সচিব মুফতি আজিজুর রহমান জানান, আগুনের সূত্রপাতের স্থানে কোনো শিক্ষার্থী ছিল না। তবে আগুনের ধোঁয়া পুরো মাদ্রাসায় ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। মাদ্রাসায় একাধিক সিঁড়ি থাকায় সবাই দ্রুত বের হতে পেরেছে।

এদিকে হাসপাতালে ভর্তি শিক্ষার্থীদের মধ্যে উৎকণ্ঠা দেখা গেছে। কেউ চিকিৎসা নিচ্ছেন, আবার কেউ অপেক্ষায় রয়েছেন। মাদ্রাসার কয়েকজন শিক্ষকও চিকিৎসা নিচ্ছেন এবং শিক্ষার্থীদের পাশে রয়েছেন।