চট্টগ্রাম নগরের বাকলিয়ায় নিজ বাড়িতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. সুবান (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। পূর্বশত্রুতার জেরে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাতে নগরের বাকলিয়া থানার তক্তারপুল এলাকার একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় সুবানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি তক্তারপুল এলাকার নুর ইসলামের বাড়ির বাসিন্দা। তার বাবার নাম নুর ইসলাম।

চমেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক নুরুল আলম আশেক জানান, বাকলিয়া এলাকা থেকে ছুরিকাহত অবস্থায় এক যুবককে হাসপাতালে আনা হয়েছিল। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।