শুক্রবার (১৩ নভেম্বর) সকাল থেকে লরি ও ক্রেনের মাধ্যমে পাইপ, খননযন্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম ঘটনাস্থলে পৌঁছানো হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, যেকোনো সময় নিয়ন্ত্রিত খনন ও কারিগরি কার্যক্রম শুরু হতে পারে।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার জানান, গ্যাস বের হয়ে আগুন জ্বলার পর থেকেই প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। সাধারণ মানুষের নিরাপত্তা এবং সম্ভাব্য বিস্ফোরণ ও ভূমিধসের ঝুঁকি এড়াতে ঘটনার পরপরই ১৪৪ ধারা জারি করা হয়। সেখানে ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।
বাপেক্সের ভূতত্ত্ববিদ নাসির উদ্দিন জানান, দীর্ঘ পর্যবেক্ষণে গ্যাসের চাপ ও প্রবাহ স্থিতিশীল পাওয়া গেছে। নিরাপত্তা নিশ্চিত করে আগুন নিয়ন্ত্রণ এবং ভবিষ্যতে বাণিজ্যিকভাবে গ্যাস উত্তোলনের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশেষজ্ঞদের ধারণা, ইনানীর ভূগর্ভে উল্লেখযোগ্য গ্যাসের মজুদ থাকতে পারে। তবে প্রকৃত মজুদ ও বাণিজ্যিক সম্ভাবনা নিশ্চিত করতে ভূতাত্ত্বিক জরিপ, সিসমিক সমীক্ষা এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করতে হবে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, পর্যাপ্ত গ্যাসের মজুদ পাওয়া গেলে এটি দেশের ৩১তম গ্যাসক্ষেত্র হতে পারে। এতে জাতীয় জ্বালানি নিরাপত্তা বাড়ার পাশাপাশি আমদানিনির্ভরতা কমানোর সুযোগ তৈরি হবে।
গত ২৭ অক্টোবর উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ছোট ইনানীতে গভীর নলকূপ খননের সময় প্রায় এক হাজার ফুট গভীর থেকে গ্যাস নির্গত হতে শুরু করে। একপর্যায়ে সেখানে আগুন ধরে যায়। এরপর থেকে বাপেক্স, পেট্রোবাংলা ও স্থানীয় প্রশাসন যৌথভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

মন্তব্য করুন