ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনা নিয়ে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে চট্টগ্রামের হালিশহর এলাকায় জেলা পুলিশ লাইন্সের অফিসার্স মেস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাষ্ট্রদ্রোহের মামলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর এ অভিযান চালানো হয়।
পুলিশের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলেন জাহাঙ্গীর আলম। শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়েও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে তার যোগাযোগ ছিল। পাশাপাশি আওয়ামী লীগ নেতাদের কাছে পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
পুলিশ সূত্র জানায়, শনিবার রাত সাড়ে ১০টার দিকে আরআরএফের সহকারী পুলিশ সুপার আবুল কাশেম চৌধুরী বাদী হয়ে চট্টগ্রামের পাঁচলাইশ থানায় রাষ্ট্রদ্রোহের মামলাটি করেন। এরপর পুলিশ ও স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) সদস্যরা তাকে গ্রেপ্তার করেন।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে মামলা করা হয়েছে।
এর আগে গত ১০ নভেম্বর জাহাঙ্গীর আলমকে নিজ কার্যালয়ে ডেকে জিজ্ঞাসাবাদ করেন ডিআইজি। এ সময় তার ব্যক্তিগত ও দাপ্তরিক দুটি মুঠোফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশ সদর দপ্তরের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়। পরে পরীক্ষায় অভিযোগ-সংশ্লিষ্ট তথ্য পাওয়ার কথা জানায় পুলিশ।
২৮তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা জাহাঙ্গীর আলম ২০১০ সালের ১ ডিসেম্বর পুলিশ বাহিনীতে যোগ দেন। এর আগে ঢাকার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল হাসানের বিরুদ্ধেও রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছিল।

মন্তব্য করুন