সোমবার (১৬ নভেম্বর) ঢাকা মহানগরসহ দেশের ৩৯টি জেলায় একযোগে এ অভিযান পরিচালনা করা হয়। এতে অধিদপ্তরের ৫২টি দল অংশ নেয়।
অভিযানে অতিরিক্ত দামে পণ্য বিক্রি, ওজনে কারচুপি, মেয়াদোত্তীর্ণ পণ্য ও ওষুধ বিক্রি এবং নকল-ভেজাল খাদ্য উৎপাদন ও বাজারজাতের বিষয়গুলো তদারকি করা হয়।
নারায়ণগঞ্জের শহীদনগর ও কুতুবপুরে একটি শিশু খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে অনুমোদনহীন চিপস উৎপাদন, ভুয়া মান সনদ ও হালাল লোগো ব্যবহার এবং নন-ফুড গ্রেড রং ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, গাজীপুরের কালিয়াকৈরে একটি বেকারিতে অবৈধ রং ব্যবহার, উপাদান সম্পর্কে ভুল তথ্য দেওয়া এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে ব্যবসায়ীদের কৃত্রিম সংকট সৃষ্টি, অতিরিক্ত মজুদ ও অযৌক্তিক দামে পণ্য বিক্রি না করার নির্দেশ দেওয়া হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে অধিদপ্তর। পাশাপাশি কোনো পণ্য কেনায় প্রতারণার শিকার হলে ১৬১২১ নম্বরে অভিযোগ জানানোর আহ্বান জানিয়েছে সংস্থাটি।

মন্তব্য করুন