https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
বাবা কে—এই প্রশ্নের উত্তর না জেনেই ২৭ বছর কাটিয়েছিলেন চট্টগ্রামের রাঙ্গুনিয়ার পোমরা এলাকার এক যুবক। অবশেষে ডিএনএ পরীক্ষার মাধ্যমে তিনি ফিরে পেলেন নিজের বাবার পরিচয়, পারিবারিক স্বীকৃতি।
জেলা লিগ্যাল এইড অফিস চট্টগ্রামের মধ্যস্থতায় মা, বাবা ও সন্তানের ডিএনএ পরীক্ষা করা হয়। পরীক্ষার প্রতিবেদনে দেখা যায়, তাদের মধ্যে ৯৯ দশমিক ৯৯ শতাংশ জৈবিক পিতা-পুত্র সম্পর্ক রয়েছে। এই ফলাফলের পর দীর্ঘদিনের পারিবারিক জট খুলে যায়।
জানা যায়, যুবকের জন্মের সময় তাঁর বাবা প্রবাসে ছিলেন এবং পরে পারিবারিক বিচ্ছেদ ঘটে। শৈশব থেকে তিনি বড় হয়েছেন মামার বাড়িতে, বাবার পরিচয় থেকে ছিলেন বিচ্ছিন্ন। পরে ২০২৪ সালে তিনি লিগ্যাল এইড অফিসে সহযোগিতা চান।
ডিএনএ রিপোর্টের পর দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়। চুক্তি অনুযায়ী, বাবা ছেলেকে নিজের সন্তান হিসেবে স্বীকৃতি দেন এবং উত্তরাধিকার প্রদানসহ ভবিষ্যৎ দায়িত্ব নেওয়ার অঙ্গীকার করেন। পাশাপাশি বসবাসের ব্যবস্থা ও আর্থিক সহায়তার বিষয়ও চুক্তিতে অন্তর্ভুক্ত করা হয়।
লিগ্যাল এইড কর্মকর্তারা জানান, এটি শুধু আইনি নয়, মানবিক সমাধানেরও একটি উদাহরণ। দীর্ঘ ২৭ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত নিজের পরিচয় ফিরে পান ওই যুবক, আর পরিবারটি ফিরে পায় তাদের হারানো সম্পর্ক।