পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ে লাল কাপড়ে মোড়ানো বোমা সদৃশ একটি বস্তু ঘিরে রেখেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৯টার দিকে জেলা প্রশাসনের ফ্রন্ট ডেস্কের কর্মকর্তারা টিফিন বক্সের মতো দেখতে বস্তুটি পড়ে থাকতে দেখেন।

খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা ঘিরে রাখেন। বস্তুটি আসলে কী, তা নিশ্চিত হতে রংপুর থেকে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

পঞ্চগড়ের জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভিন বিষয়টি নিশ্চিত করে জানান, বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে এসে পরীক্ষা-নিরীক্ষা করার পর বস্তুটি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

এদিকে জেলা প্রশাসকের কার্যালয়ে বোমা সদৃশ বস্তু পাওয়ার খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে। তবে পরীক্ষা-নিরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত বস্তুটি সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।