https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে টানা তিন জয়ে বিশ্বকাপের নকআউট পর্বে উঠেছে আর্জেন্টিনা। দলের পারফরম্যান্সে সন্তুষ্ট হলেও সামনে কোনো সহজ ম্যাচ নেই বলে মন্তব্য করেছেন কোচ লিওনেল স্কালোনি।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, “তিনটি ম্যাচই জেতায় দলের আত্মবিশ্বাস বেড়েছে। জর্ডান ছিল কঠিন প্রতিপক্ষ। তারা রক্ষণে সুসংগঠিত ছিল, তবে আমাদের খেলোয়াড়রা দারুণ খেলেছে এবং প্রমাণ করেছে, দলের প্রয়োজনে সবাই প্রস্তুত।”
ইনজুরি প্রসঙ্গে তিনি জানান, ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরো ছাড়া দলের বাকি সবাই খেলার জন্য প্রস্তুত। রোমেরোও দ্রুত সুস্থ হয়ে ফিরবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
বিশ্বকাপে কোচ হিসেবে এটি স্কালোনির সপ্তম জয়। ফলে আর্জেন্টিনার সাবেক কোচ কার্লোস বিলার্দোর সর্বোচ্চ আট জয়ের রেকর্ড থেকে তিনি এখন মাত্র এক ধাপ দূরে।
দলে পরিবর্তন নিয়ে স্কালোনি বলেন, শেষ গ্রুপ ম্যাচটি ছিল নতুন সমন্বয় পরীক্ষা করার সুযোগ। ভিন্ন পজিশনে খেলোয়াড়দের পারফরম্যান্সে তিনি সন্তুষ্ট বলেও জানান।
মিডফিল্ডার জিওভানি লো সেলসোর প্রশংসা করে তিনি বলেন, আগের বিশ্বকাপ মিস করা এই ফুটবলার দলের জন্য গুরুত্বপূর্ণ। ফিরে এসে গোল পাওয়ায় তার আত্মবিশ্বাস আরও বেড়েছে।
হুলিয়ান আলভারেস ও লাউতারো মার্তিনেসকে একসঙ্গে খেলানোর সম্ভাবনার কথাও জানান স্কালোনি। তবে মাঠের ভারসাম্য বজায় রাখার বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার কথা বলেন তিনি।
নকআউট পর্বে প্রতিপক্ষ কেপ ভার্দেকে নিয়েও সতর্ক আর্জেন্টিনা কোচ। তার ভাষায়, “সহজ ম্যাচ বলে কিছু নেই। কেপ ভার্দে ভালো দল। তারা স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের বিপক্ষে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। তাই তাদের বিপক্ষে কঠিন লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে।”