https://timenewsbangla.com

রাজধানীর সবুজবাগে পূর্ব শত্রুতার জেরে বিএনপির এক কর্মীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। হামলাকারীরা তার দুই হাতের কবজি বিচ্ছিন্ন করার পাশাপাশি বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
মঙ্গলবার রাত ৮টার দিকে রাজারবাগ বাজারের পানির পাম্প-সংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় মো. পলাশকে (৩৪) প্রথমে মুগদা জেনারেল হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত পলাশ লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বাসিন্দা। তিনি সবুজবাগের মাদারটেক এলাকায় বসবাস করতেন, পেশায় ছিলেন প্রাইভেটকারচালক এবং স্থানীয় বিএনপির কর্মী হিসেবে পরিচিত ছিলেন।
স্বজন ও স্থানীয়দের দাবি, পূর্ব শত্রুতার জেরে ১০ থেকে ১২ জনের একটি দল ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। হামলার পর অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ি জানিয়েছে, মরদেহ মর্গে রাখা হয়েছে এবং ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।