https://timenewsbangla.com

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পর আবেগঘন বার্তা দিয়েছেন আর্জেন্টিনার মিডফিল্ডার আলেক্সিস ম্যাক অ্যালিস্টার। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি সমালোচক ও বিদ্রুপকারীদেরও উদ্দেশ করে বার্তা দিয়েছেন।
ম্যাক অ্যালিস্টার লিখেছেন, আমরা খুব কাছাকাছি ছিলাম, তাই কষ্টটা আরও বেশি। কিন্তু এই বিশ্বকাপে আমরা যে অভিজ্ঞতা আর ভালোবাসা পেয়েছি, তা কেউ কেড়ে নিতে পারবে না।
তিনি বলেন, পুরো টুর্নামেন্টজুড়ে নানা বাধা ও কঠিন সময় এসেছে। তবে দল একসঙ্গে থেকে সব প্রতিকূলতা মোকাবিলা করেছে। তার ভাষায়, একসঙ্গে থাকলে আমরাই সবচেয়ে শক্তিশালী।
ফাইনালের পর রানার্সআপ পদক গ্রহণের সময় স্টেডিয়ামজুড়ে আর্জেন্টাইন সমর্থকদের গান এবং দেশে ফেরার পর বুয়েনস আইরেসে বৃষ্টি-ঠান্ডা উপেক্ষা করে দেওয়া অভ্যর্থনাকে জীবনের অবিস্মরণীয় দুটি মুহূর্ত হিসেবে উল্লেখ করেন তিনি।
বার্তার শেষ দিকে ম্যাক অ্যালিস্টার লেখেন, যারা আমাদের পাশে থেকেছ, ধন্যবাদ। আর যারা আমাদের কষ্ট দেখে হাসছো ও বিদ্রুপ করছো, তাদেরও ধন্যবাদ। এসবই আমাদের আরও শক্তিশালী হয়ে ফিরে আসার প্রেরণা দেবে।