https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
ভারতের সাম্প্রতিক ছাত্র আন্দোলন নিয়ে মুখ খুলেছেন বলিউড অভিনেত্রী রাভিনা ট্যান্ডন। তার দাবি, শিক্ষার্থীদের ন্যায্য দাবিকে কেন্দ্র করে শুরু হওয়া শান্তিপূর্ণ আন্দোলন কয়েকটি রাজ্যে দুষ্কৃতকারী, রাজনৈতিক দল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের উদ্দেশ্যে আসা কিছু মানুষের কারণে মূল লক্ষ্য থেকে বিচ্যুত হয়েছে।
ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে রাভিনা লিখেছেন, মানুষের কণ্ঠস্বর অবশেষে শোনা হচ্ছে দেখে আমি আনন্দিত ও গর্বিত। ছাত্র আন্দোলন এবং বিভিন্ন সামাজিক আন্দোলনের ফলে এখন পরিবর্তনের আশা দেখা যাচ্ছে।
তিনি বিশেষভাবে মিজোরামের শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনের প্রশংসা করে বলেন, সেখানকার শিক্ষার্থীরা অন্যদের জন্য ইতিবাচক উদাহরণ তৈরি করেছে। তবে সব জায়গায় পরিস্থিতি একই ছিল না বলেও মন্তব্য করেন তিনি।
রাভিনা লেখেন, “দুর্ভাগ্যজনকভাবে কিছু রাজ্যে শান্তিপূর্ণ ছাত্র আন্দোলন দুষ্কৃতকারী, রাজনৈতিক দল এবং শুধু রিল বানিয়ে প্রচারের আলোয় আসতে চাওয়া কিছু মানুষের হাতে ছিনতাই হয়েছে। শেষ পর্যন্ত অবশ্য ন্যায্য দাবিরই জয় হয়েছে।”
তিনি বলেন, জনসম্পদের ক্ষয়ক্ষতি ও সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তার মতে, এ ধরনের কর্মকাণ্ড আন্দোলনের মূল উদ্দেশ্যকে ব্যাহত করতে পারে। একই সঙ্গে ভারতের শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন, দুর্নীতি দূর করা এবং সবার জন্য সহজলভ্য শিক্ষা নিশ্চিত করার আহ্বান জানান এই অভিনেত্রী।
পোস্টের শেষদিকে রাভিনা লেখেন, আমি আমার মতপ্রকাশের স্বাধীনতা চর্চা করছি। আপনার মত ভিন্ন হতে পারে, সেটিকেও আমি সম্মান করি। পড়বে ভারত, এগিয়ে যাবে ভারত।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভারতে প্রশ্নফাঁস ও শিক্ষা ব্যবস্থার বিভিন্ন অনিয়মের অভিযোগে শিক্ষার্থীদের নেতৃত্বে দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। আন্দোলনের জেরে ব্যাপক জনসমর্থন তৈরি হলে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন। এই প্রেক্ষাপটেই আন্দোলনের গতিপ্রকৃতি ও সহিংসতা নিয়ে নিজের অবস্থান তুলে ধরেছেন রাভিনা ট্যান্ডন।