বগুড়ার শাজাহানপুর উপজেলায় পুলিশের পরিচয় দিয়ে একটি রিসোর্টে ঢুকে কর্মচারীদের জিম্মি করে নগদ টাকা ও বিভিন্ন মালামাল লুটের অভিযোগ উঠেছে। বুধবার (২৯ জুলাই) দিবাগত রাতে উপজেলার গোহাইল ইউনিয়নের জামাদারপুকুর এলাকার ‘গ্রিন গার্ডেন’ রিসোর্টে এ ঘটনা ঘটে।
রিসোর্টের ব্যবস্থাপক মানস জানান, রাত ১২টার দিকে ৫ থেকে ৭ জন মুখোশধারী ব্যক্তি নিজেদের পুলিশ পরিচয় দিয়ে প্রধান ফটকে আসে। তাদের হাতে ওয়াকিটকি ছিল। ভেতরে একজন আসামি রয়েছে দাবি করে তারা গেট খুলতে বলে। গেট খোলার সঙ্গে সঙ্গে নৈশপ্রহরী ফেরদৌস মিয়াকে মারধর শুরু করে দুর্বৃত্তরা এবং পরে তাকে অপর নিরাপত্তাকর্মী বিমল বড়ুয়ার কাছে নিয়ে যায়।
এরপর ফেরদৌস মিয়া, তার স্ত্রী সুমাইয়া আক্তার মৌ, তাদের সন্তান এবং নিরাপত্তাকর্মী বিমল বড়ুয়াকে একটি কক্ষে আটকে রেখে পুরো রিসোর্টে তল্লাশি চালায় দুর্বৃত্তরা।
এ সময় তারা রিসোর্ট থেকে ২০টি বৈদ্যুতিক ফ্যান, একটি গ্যাসের চুলা, ১২ ভোল্টের একটি ব্যাটারি, নিরাপত্তাকর্মীদের দুটি মোবাইল ফোন, নগদ ২৫ হাজার টাকা এবং তিনটি বৈদ্যুতিক ট্রান্সফরমারসহ বিভিন্ন মালামাল লুট করে। পরে সেগুলো একটি পিকআপে তুলে পালিয়ে যায়।
ঘটনার পরপরই রিসোর্ট কর্তৃপক্ষ শাজাহানপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশিক ইকবাল জানান, অভিযোগ পাওয়ার পর ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।

মন্তব্য করুন