https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী সোনু নিগম জানিয়েছেন, কপিরাইট ইস্যুতে প্রকাশ্যে অবস্থান নেওয়ার কারণে ক্যারিয়ারের সবচেয়ে সফল সময়ে দেশের দুটি বড় সংগীত প্রতিষ্ঠানের নিষেধাজ্ঞার মুখে পড়তে হয়েছিল তাকে।
সম্প্রতি চলচ্চিত্র বিশ্লেষক কোমল নাহতার পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে সোনু নিগম বলেন, তখন তার জনপ্রিয়তা ছিল তুঙ্গে। নতুন অ্যালবাম প্রকাশ পেলেই শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া পড়ত। কিন্তু কপিরাইট নিয়ে কথা বলার পর পরিস্থিতি বদলে যায়।
তার দাবি, কপিরাইট আন্দোলনের পর দেশের শীর্ষ সংগীত প্রতিষ্ঠান টি-সিরিজ তার সঙ্গে কাজ বন্ধ করে দেয়। পরে জি মিউজিকও একই সিদ্ধান্ত নেয়।
সোনু বলেন, কখনও ভাবিনি আমাকে এভাবে নিষিদ্ধ করা হবে। আমার বিশ্বাস ছিল, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হবে। কিন্তু পরিস্থিতি ক্রমেই কঠিন হয়ে উঠেছিল।
তবে এই পরিস্থিতিতে ভেঙে না পড়ে তিনি কনসার্টে মনোযোগ দেন। তার ভাষায়, তারা আমার গান প্রকাশ বন্ধ করতে পারে, কিন্তু মঞ্চে গান গাওয়া বন্ধ করতে পারবে না।
সেই বিশ্বাস থেকেই দেশ-বিদেশে নিয়মিত কনসার্ট করে গেছেন তিনি।
সময়ের সঙ্গে পরিস্থিতি বদলেছে বলেও জানান এই শিল্পী। একসময় যেসব প্রতিষ্ঠান তার সঙ্গে কাজ করতে অনাগ্রহী ছিল, এখন তারাই আবার একসঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করছে।
কপিরাইট আন্দোলন প্রসঙ্গে সোনু বলেন, কিংবদন্তি শিল্পী লতা মঙ্গেশকর যে লড়াই শুরু করেছিলেন, সেটিকে এগিয়ে নেওয়ার দায়িত্ব তিনি নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। সেই লড়াইয়ে নিজের ক্যারিয়ারও ঝুঁকির মুখে ফেলতে হয়েছিল।
তিনি বলেন, আইন পরিবর্তনের পর সংগীত সংস্থাগুলোও বুঝতে পেরেছে, আমাদের দাবিগুলো অযৌক্তিক ছিল না। ইন্ডাস্ট্রির দৃষ্টিভঙ্গি বদলানোর পর ধীরে ধীরে সবকিছুই বদলে গেছে।
বর্তমানে কনসার্ট নিয়েও ব্যস্ত সময় পার করছেন সোনু নিগম। আগামী ২৩ আগস্ট লন্ডনের ওভিও এরিনা ওয়েম্বলিতে ‘রেভোলিউশন’ শিরোনামের কনসার্টে অংশ নেবেন তিনি। এরপর অক্টোবর থেকে ‘রেভোলিউশন ইন্ডিয়া ট্যুর ২০২৬’ শুরু হবে, যা ২০২৭ সালের মার্চ পর্যন্ত ভারতের বিভিন্ন শহরে চলবে।