লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়া ২ কেজি ৩০০ গ্রাম ওজনের একটি ‘রাজা ইলিশ’ নিলামে সাড়ে ১০ হাজার টাকায় বিক্রি হয়েছে।
সোমবার (৩ আগস্ট) উপজেলার মতিরহাট মাছঘাটে সারু মিয়ার আড়তে অনুষ্ঠিত নিলামে সর্বোচ্চ দাম দিয়ে মাছটি কিনে নেন ব্যবসায়ী মো. রিয়াজ বেপারী।
আড়তদার মো. খোকন জানান, স্থানীয় জেলে মনু মাঝির জালে ধরা পড়ে বড় আকৃতির ইলিশটি। পরে সেটি নিলামে তোলা হলে সর্বোচ্চ দর দিয়ে রিয়াজ বেপারী মাছটি কিনে নেন।
ক্রেতা রিয়াজ বেপারী বলেন, বর্তমানে বড় ইলিশ খুব কম ধরা পড়ছে। তাই চাহিদা ও দাম—দুটিই বেশি। মাছটি চাঁদপুরে পাঠানো হবে এবং সেখানে প্রায় ১৫ হাজার টাকায় বিক্রির আশা করছেন তিনি।
কমলনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তূর্য সাহা বলেন, বর্তমানে নদীতে ধরা পড়া অধিকাংশ ইলিশের ওজন ৩০০ থেকে ৫০০ গ্রাম। বড় আকৃতির ইলিশের সরবরাহ কম থাকায় এর বাজারমূল্যও বেশি। আগামী মাসে ইলিশের উৎপাদন আরও বাড়তে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।

মন্তব্য করুন