https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
আগামী ৯ আগস্ট চট্টগ্রামের বন্যাদুর্গত হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানিয়েছেন, সফরসূচি চূড়ান্ত হয়েছে এবং প্রধানমন্ত্রী বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ ও গৃহহারা পরিবারের হাতে নতুন নির্মিত ঘরের চাবি তুলে দেবেন।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই হবে তারেক রহমানের প্রথম চট্টগ্রাম সফর। তাঁর আগমনকে ঘিরে জেলা প্রশাসন ও স্থানীয় প্রশাসন ব্যাপক প্রস্তুতি শুরু করেছে। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য নির্মিত নতুন বাড়িগুলোর কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে।
সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী পশ্চিম বাঁশখালীতে একটি সংক্ষিপ্ত সমাবেশে যোগ দেবেন, দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করবেন এবং সরকারি সহায়তায় পুনর্নির্মিত ১০০টি বাড়ি ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে হস্তান্তর করবেন। এ উপলক্ষে প্রধানমন্ত্রীর অবতরণের জন্য হেলিপ্যাডও প্রস্তুত করা হচ্ছে।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে দলীয় প্রস্তুতি চলছে। অন্যদিকে, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফ উদ্দিন বলেন, দাপ্তরিক সফরসূচি হাতে পেলেই প্রশাসনের সব প্রস্তুতি চূড়ান্ত করা হবে।