https://timenewsbangla.com

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->
নাইজেরিয়ায় গোয়েন্দা ও নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে অপহৃত ৩০৮ জন নাগরিককে উদ্ধার করা হয়েছে। দেশটির সরকার এ ঘটনাকে সাম্প্রতিক সময়ের অন্যতম বড় উদ্ধার অভিযান হিসেবে উল্লেখ করেছে।
প্রেসিডেন্টের বিশেষ উপদেষ্টা বায়ো ওনানুগা এক বিবৃতিতে জানান, নাইজার ও কোয়ারা রাজ্যের বিভিন্ন এলাকা থেকে অপহৃত এসব নাগরিককে সফলভাবে উদ্ধার করা হয়েছে। প্রেসিডেন্ট বোলা আহমেদ টিনুবু এ অভিযানের সাফল্যকে স্বাগত জানিয়েছেন।
সরকারি তথ্য অনুযায়ী, উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ১৬৩ জনকে কোয়ারা রাজ্যের কাইয়ামা এলাকার ওরো সম্প্রদায় থেকে এবং ১৪৫ জনকে নাইজার রাজ্য থেকে অপহরণ করা হয়েছিল।
বিবৃতিতে বলা হয়, কাইঞ্জি লেক ন্যাশনাল পার্কসংলগ্ন বনাঞ্চলে পরিচালিত সমন্বিত গোয়েন্দা অভিযানের মাধ্যমে তাদের উদ্ধার করা হয়। এ অভিযানে দেশটির জাতীয় সন্ত্রাস দমন কেন্দ্রের নেতৃত্বে সেনাবাহিনী, পুলিশ ও রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থার সদস্যরা অংশ নেন।
সরকারের দাবি, একদিনে পরিচালিত এ অভিযান নাইজেরিয়ার যৌথ নিরাপত্তা বাহিনীর সবচেয়ে বড় উদ্ধার অভিযানের একটি।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বেনিন সীমান্তবর্তী কোয়ারা রাজ্য সরকারও এই সফল অভিযানকে স্বাগত জানিয়েছে। গত ৩ ফেব্রুয়ারি কাইয়ামা এলাকায় হামলা চালিয়ে বহু বাসিন্দাকে অপহরণ করেছিল সশস্ত্র গোষ্ঠী।
নাইজেরিয়ায় মুক্তিপণের জন্য অপহরণ দীর্ঘদিন ধরেই বড় নিরাপত্তা সংকট। বিশেষ করে অপরাধী চক্র, বোকো হারাম-সংশ্লিষ্ট জঙ্গি ও সশস্ত্র দস্যুদের তৎপরতায় নিরাপত্তা বাহিনীর উপস্থিতি কম থাকা এলাকাগুলোতে এ সমস্যা আরও প্রকট হয়ে উঠেছে।
সম্প্রতি দেশটির বিভিন্ন অঞ্চলে স্কুল, গির্জা, মসজিদসহ সাধারণ মানুষের ওপর হামলা ও অপহরণের ঘটনা বেড়েছে। এর আগে জানুয়ারিতে কাদুনা রাজ্যের তিনটি গির্জা থেকে ১৭৭ জনকে অপহরণ করা হয়। এছাড়া গত মাসে ওয়ো রাজ্যে অপহৃত অন্তত ৪০ জন শিক্ষার্থী ও শিক্ষককে উদ্ধার করে নিরাপত্তা বাহিনী।
প্রেসিডেন্ট টিনুবু বলেছেন, এই অভিযানের সফল বাস্তবায়ন নিরাপত্তা সংস্থাগুলোর সমন্বয়, দক্ষতা ও সক্ষমতার প্রমাণ। তিনি নাগরিকদের জীবন রক্ষায় নিরাপত্তা বাহিনীর সাহসিকতা ও পেশাদারিত্বের প্রশংসা করেন।