https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
কক্সবাজার থেকে ঢাকাগামী আইকন পরিবহনের একটি এসি বাসে আগুন লাগার ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন ৩০ যাত্রী। শুক্রবার (২২ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে রামুর কলঘর বাজারের পশ্চিম পাশে এন আলম ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজনের সহযোগিতায় বাসটির জানালার কাচ ভেঙে যাত্রীদের দ্রুত বের করে আনা হয়। এতে কেউ হতাহত হননি।
প্রত্যক্ষদর্শী ও যাত্রীদের ভাষ্য অনুযায়ী, কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে বাসটি ছাড়ার কিছুক্ষণ পর ভেতরে পোড়া গন্ধ পাওয়া যায়। পরে যাত্রীরা আগুন দেখতে পান। মুহূর্তেই বাসের ভেতর আতঙ্ক ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন এগিয়ে এসে জানালার কাচ ভেঙে যাত্রীদের বাইরে বের করে আনেন।
বাসে থাকা যাত্রীদের মালামালও পরে নিরাপদে বের করে তাদের কাছে বুঝিয়ে দেওয়া হয়। খবর পেয়ে রামু ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
পরিবারের সাত সদস্যসহ কক্সবাজারে বেড়াতে যাওয়া যাত্রী সোহেল রানা জানান, স্থানীয়দের দ্রুত সহায়তার কারণে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
আরেক যাত্রী মোহাম্মদ আলী জানান, প্রথমে বাসের ভেতরে পোড়া গন্ধ পাওয়া যায়। পরে আগুন দেখা গেলেও শুরুতে চালক বা সহকারী বিষয়টি যাত্রীদের জানাননি।
রামু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. আবদুল কাদের চৌধুরী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটি ও ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে আগুনের সূত্রপাত হতে পারে।
রামু হাইওয়ে ক্রসিং থানার উপপরিদর্শক মোহাম্মদ পারভেজ জানান, খবর পাওয়ার প্রায় ১০ মিনিটের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। কাছাকাছি অবস্থানে থাকায় দ্রুত যাত্রীদের বাস থেকে নিরাপদে বের করে আনা সম্ভব হয়।
বাস কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া না গেলেও পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, পরে বিকল্প ব্যবস্থায় যাত্রীদের ঢাকায় পাঠানো হয়েছে।