https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
চট্টগ্রামকে পর্যটন শহর হিসেবে গড়ে তুলতে বাকলিয়া এলাকায় কর্ণফুলী নদীর তীরে ৩ কিলোমিটার দীর্ঘ পর্যটন জোন নির্মাণের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।
‘কালুরঘাট সেতু থেকে চাকতাই খাল পর্যন্ত কর্ণফুলী নদীর তীরে সড়ক নির্মাণ’ প্রকল্পের আওতায় এ পর্যটন জোন গড়ে তোলা হবে। প্রকল্পের অধীনে শাহ আমানত সেতু থেকে বলিরহাট পর্যন্ত ৫ কিলোমিটার এলাকায় ওয়াকওয়ে, শিশুদের বিনোদন সুবিধা এবং পর্যটকবান্ধব রেস্তোরাঁ নির্মাণের পরিকল্পনা রয়েছে।
সিডিএ জানিয়েছে, পর্যটন কেন্দ্রটি সবার জন্য উন্মুক্ত থাকবে। পরিবেশবান্ধবভাবে এটি গড়ে তোলা হলে বাকলিয়ার পাশাপাশি পুরো চট্টগ্রাম নগরীর বিনোদন ও পর্যটন সুবিধা বাড়বে।
এদিকে প্রকল্পের ৯ দশমিক ৫ কিলোমিটার সড়কের প্রায় ৯২ শতাংশ নির্মাণকাজ শেষ হয়েছে। অবশিষ্ট কাজ ডিসেম্বরের মধ্যে শেষ করার আশা করছে সিডিএ।
সড়কটি চালু হলে শহরের যানজট কমানোর পাশাপাশি জলাবদ্ধতা নিয়ন্ত্রণ, নদীতীর সংরক্ষণ, যোগাযোগব্যবস্থা ও পানি নিষ্কাশনে সুবিধা হবে। একই সঙ্গে কর্ণফুলী নদীর তীরকে ঘিরে পর্যটন খাতের বিকাশের নতুন সুযোগ তৈরি হবে।