https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
তিন বছর পর বড় পর্দায় ফিরছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’ মুক্তির কথা রয়েছে এ বছরের ডিসেম্বরে। তবে একই সময়ে আরেক ‘কিং’-এর আগমন ঘটছে ভারতীয় সিনেমায়। দক্ষিণী তারকা নাগার্জুনও আসছেন ‘কিং ১০০’ নিয়ে।
শাহরুখের ‘কিং’ নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই। এর মধ্যেই শনিবার (২৯ আগস্ট) নাগার্জুনের ৬৭তম জন্মদিনে প্রকাশ পেয়েছে তার ১০০তম সিনেমার টিজার। সিনেমাটির নাম ‘কিং ১০০’ এবং মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে ২৪ ডিসেম্বর।
প্রায় দেড় মিনিটের টিজারে নাগার্জুনকে দেখা গেছে চিরচেনা স্টাইলিশ অবতারে। গল্পের আভাসে উঠে এসেছে এক সাধারণ মানুষের অসাধারণ হয়ে ওঠার কাহিনি। একসময় যার কিছুই ছিল না, নিজের চেষ্টায় সে হয়ে ওঠে ক্ষমতাধর এক ব্যক্তি।
টিজারে নাগার্জুনকে বলতে শোনা যায়, ‘এই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে—যাদের টাকা আছে এবং যাদের নেই। যখন আমার টাকা ছিল না, তারা আমাকে ব্যর্থ বলত। যখন আমার টাকা হলো, তারা আমাকে কিং বলতে শুরু করল।’
তিনি আরও বলেন, ‘কিন্তু এই পরিচয় টাকার চেয়েও বেশি শক্তিশালী। এই পরিচয় ধরে রাখতে আমাকে ছুটে চলতেই হবে।’
‘কিং ১০০’ সিনেমায় নাগার্জুনের সঙ্গে অভিনয় করছেন টাবু। দীর্ঘ ২৮ বছর পর আবারও একসঙ্গে পর্দায় দেখা যাবে এই জুটিকে। এর আগে ১৯৯৯ সালের ‘সিসিন্দ্রি’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন তারা।
আরএ কার্তিক পরিচালিত ‘কিং ১০০’ প্রযোজনা করছে অন্নপূর্ণা স্টুডিওস। অন্যদিকে শাহরুখ খানের ‘কিং’ পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ।
দুই ভিন্ন ইন্ডাস্ট্রির দুই জনপ্রিয় তারকার সিনেমা একই সময়ে মুক্তি পাওয়ায় বছরের শেষদিকে ভারতীয় বক্স অফিসে জমজমাট লড়াইয়ের আভাস মিলছে। এখন দেখার বিষয়, দর্শকের হৃদয়ে শেষ পর্যন্ত কোন ‘কিং’ রাজত্ব করতে পারেন।