শুক্রবার (১৩ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার মাইক্রোসফটের বিভিন্ন সেবায় সমস্যা দেখা দিলে ওয়েবসাইট ও অ্যাপের ত্রুটি শনাক্তকারী প্ল্যাটফর্ম ডাউনডিটেক্টরে প্রায় ১ লাখ ৩০ হাজার ব্যবহারকারী অভিযোগ জানান। ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, আউটলুক ও টিমসের পাশাপাশি শেয়ারপয়েন্ট, ওয়ানড্রাইভ এবং এআই সহকারী কোপাইলটও এ বিপর্যয়ের আওতায় পড়ে।
পরে অভিযোগের সংখ্যা কমে প্রায় ১৩ হাজারে নামলেও অনেক ব্যবহারকারী ই-মেইল পাঠানো, গ্রহণ এবং ইনবক্সে প্রবেশ করতে সমস্যার কথা জানান।
মাইক্রোসফটের এক মুখপাত্র জানিয়েছেন, এ ঘটনায় সাইবার হামলার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। প্রাথমিকভাবে সার্ভারের কারিগরি ত্রুটিকেই বিপর্যয়ের কারণ বলে ধারণা করছে প্রতিষ্ঠানটি।
মাইক্রোসফট জানায়, তাদের অবকাঠামোর কয়েকটি সার্ভার অপ্রত্যাশিতভাবে অকার্যকর হয়ে পড়ায় সচল সার্ভারগুলোর ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়। ফলে বিভিন্ন সেবায় সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ইতোমধ্যে পুনরায় চালু করা সার্ভারগুলো স্থিতিশীল রয়েছে। বাকি সার্ভার সচল করার পাশাপাশি বিকল্প নেটওয়ার্ক ব্যবস্থার মাধ্যমে সেবা স্বাভাবিক করার কাজ চলছে।
এদিকে, মাইক্রোসফটের সংযোগ ব্যবস্থার সমস্যায় ওপেনএআই ও অ্যানথ্রপিকের কিছু এআই টুল ব্যবহারের ক্ষেত্রেও বিঘ্ন ঘটে।
অস্ট্রেলিয়ার আরএমআইটি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মার্ক গ্রেগরির মতে, সার্ভার অকার্যকর হয়ে পড়ার পর অন্য সার্ভারগুলোর ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হওয়ায় বিপর্যয় ছড়িয়ে পড়তে পারে। ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে নেটওয়ার্কের পরিবর্তনগুলো আগে যথাযথভাবে পরীক্ষা এবং বিকল্প অবকাঠামো প্রস্তুত রাখার পরামর্শ দিয়েছেন তিনি।
গত মাসেও মাইক্রোসফটের অ্যাজুর ক্লাউড প্ল্যাটফর্মে বড় ধরনের বিপর্যয় ঘটেছিল। এতে বিশ্বের বিভিন্ন অঞ্চলে প্রতিষ্ঠানটির একাধিক ডিজিটাল সেবা ব্যাহত হয়।

মন্তব্য করুন