https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
যৌথ পরিবারের ভালোবাসা, দ্বন্দ্ব, আবেগ ও সম্পর্কের টানাপোড়েনের গল্প নিয়ে মাছরাঙা টেলিভিশনে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘এক পাতিলের সংসার’। আগামীকাল থেকে প্রচার শুরু হওয়া নাটকটি পরিচালনা করেছেন শামীম জামান।
নাটকের গল্প আবর্তিত হয়েছে একটি বড় যৌথ পরিবারকে ঘিরে। পরিবারের প্রবীণ কর্তার একটাই স্বপ্ন—সবাই যেন একই ছাদের নিচে একসঙ্গে বসবাস করে এবং কোনোভাবেই সংসারটি ভেঙে না যায়। কিন্তু পরিবারের মেজো ছেলে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলে শুরু হয় নানা দ্বন্দ্ব, মান-অভিমান ও সম্পর্কের টানাপোড়েন। সেই সংঘাতের মধ্য দিয়েই এগিয়ে যায় নাটকের গল্প।
ধারাবাহিকটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, সালাহউদ্দিন লাভলু, আহসানুল হক মিনু, শামীম জামান, আ খ ম হাসান, আমিনা লাবিন, রোবেনা রেজা জুঁই, ফারজানা আহসান মিহি, আলিফ চৌধুরী, শেলী আহসান, সূচনা শিকদার, জয়রাজ, রিপা রঞ্জনা, এম এ সালামসহ আরও অনেক অভিনয়শিল্পী।
নির্মাতা শামীম জামানের ভাষ্য, নাটকটিতে পারিবারিক সম্পর্কের আবেগ, সামাজিক বাস্তবতা এবং প্রেমের গল্প একসঙ্গে তুলে ধরা হয়েছে। তাঁর বিশ্বাস, সব শ্রেণির দর্শকই নিজেদের জীবনের নানা প্রতিচ্ছবি এই নাটকে খুঁজে পাবেন।
আহমেদ শাহাবুদ্দীনের রচনায় নির্মিত ধারাবাহিকটির প্রযোজনা করেছেন অনন্য ইমন। প্রাথমিকভাবে ১০৪ পর্বের পরিকল্পনা করা হলেও দর্শকপ্রিয়তা পেলে পর্বসংখ্যা বাড়ানো হতে পারে।
‘এক পাতিলের সংসার’ প্রতি রোববার থেকে বৃহস্পতিবার রাত ৮টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে।