ঢাকা
০৫ সেপ্টেম্বর ২০২৬

হামের চিকিৎসায় ঈদে ছুটি বাতিল ডাক্তার-নার্সদের

নিজস্ব প্রতিবেদক
শনিবার, ২৩ মে ২০২৬   ৪০ বার পঠিত
হামের চিকিৎসায় ঈদে ছুটি বাতিল ডাক্তার-নার্সদের

ছবি: -সংগৃহীত

দেশে হামের সংক্রমণ বাড়তে থাকায় আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা অব্যাহত রাখতে ঈদের ছুটি বাতিল করা হয়েছে সংশ্লিষ্ট ডাক্তার ও নার্সদের। এমনটাই জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

শনিবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, হামের রোগী ও জরুরি স্বাস্থ্যসেবার সঙ্গে যুক্ত কোনো ডাক্তার বা নার্স ঈদের ছুটিতে যেতে পারবেন না। এ বিষয়ে ইতোমধ্যে নির্দেশনা জারি করা হয়েছে।

মন্ত্রী জানান, যেসব হাসপাতালে হামে আক্রান্ত শিশুরা ভর্তি রয়েছে, সেখানে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা দায়িত্ব পালন করবেন। তিনি বলেন, “আমরা অলরেডি সার্কুলার দিয়েছি। হামের রোগী এবং জরুরি স্বাস্থ্যসেবাতে কোনো ডাক্তারের, নার্সের ছুটি হবে না।”

হাম প্রতিরোধে টিকার কার্যকারিতা নিয়ে প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিকা নেওয়ার পরও শতভাগ নিশ্চয়তা দেওয়া সম্ভব নয় যে কেউ আক্রান্ত হবে না। তবে টিকা রোগের ঝুঁকি অনেক কমিয়ে দেয়।

তিনি আরও বলেন, ভাইরাসের সংক্রমণ বেড়ে গেলে কিছু ক্ষেত্রে টিকা নেওয়া ব্যক্তিও আক্রান্ত হতে পারেন। তবে এ বিষয়ে বিশেষজ্ঞরাই বিস্তারিত ব্যাখ্যা দিতে পারবেন বলে মন্তব্য করেন তিনি।

ঈদে শিশুদের নিয়ে ভিড় এড়িয়ে চলার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আক্রান্ত শিশুদের আত্মীয়স্বজনের বাড়িতে বেড়াতে না নেওয়াই ভালো। কারণ হাম অত্যন্ত ছোঁয়াচে রোগ এবং সংস্পর্শ ও শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।

মন্ত্রী আশঙ্কা প্রকাশ করে বলেন, ঈদে বাস, ট্রেনসহ গণপরিবহনে ভ্রমণ এবং সামাজিক মেলামেশা বাড়লে হামের সংক্রমণ আরও বাড়তে পারে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930