‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রথমবারের মতো ১৩টি ক্যাটাগরিতে দেওয়া হবে ‘বাংলাদেশ পর্যটন পুরস্কার ২০২৬’। পর্যটন খাতের টেকসই উন্নয়ন, সেবার মানোন্নয়ন, উদ্ভাবন, ডিজিটাল রূপান্তর, স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ এবং পরিবেশ ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে অবদানের স্বীকৃতি হিসেবে ব্যক্তি, প্রতিষ্ঠান, উদ্যোক্তা ও পর্যটন উদ্যোগকে এ পুরস্কার দেওয়া হবে।

২৭ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত সপ্তাহব্যাপী বিশ্ব পর্যটন দিবসের কর্মসূচি আয়োজন করবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। শনিবার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থা (ইউএন ট্যুরিজম) এবারের প্রতিপাদ্য নির্ধারণ করেছে ‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’। এর আলোকে বাংলাদেশের পর্যটন খাতে ডিজিটাল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা তুলে ধরা হবে।

২৭ সেপ্টেম্বর সকাল ৯টায় পশ্চিম আগারগাঁওয়ের শেরেবাংলা নগর প্রশাসনিক এলাকার পর্যটন ভবনের সামনে থেকে র‍্যালির মাধ্যমে কর্মসূচি শুরু হবে। র‍্যালির উদ্বোধন করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকী। পরে সাইকেল র‍্যালি ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য সিটি ট্যুর অনুষ্ঠিত হবে।

২৮ সেপ্টেম্বর পর্যটন খাতের অংশীজনদের সঙ্গে এবং ৩০ সেপ্টেম্বর বিভিন্ন উৎস দেশের কূটনীতিকদের সঙ্গে মতবিনিময় সভা হবে। এতে ইনবাউন্ড ট্যুরিজম সম্প্রসারণ ও আন্তর্জাতিক পর্যটন সহযোগিতা নিয়ে আলোচনা হবে। সভায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী অংশ নেবেন।

বিশ্ব পর্যটন দিবসের মূল আয়োজন হবে ৩ অক্টোবর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। সেখানে দেশের সংস্কৃতি, খাবার, জিআই পণ্য, ক্রাফট, তাঁত ও বস্ত্র, ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্য এবং বিভিন্ন পর্যটন গন্তব্য নিয়ে ১২টি থিম্যাটিক প্রদর্শনী স্টল থাকবে। প্রদর্শনীতে পর্যটনে এআই ব্যবহারের বিভিন্ন সম্ভাবনাও তুলে ধরা হবে।

এদিনের আলোচনা সভায় বক্তব্য দেবেন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি জি এম আজিজুর রহমান, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুর রউফ, এনডিসি, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকী এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী এবং বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান।