গাজীপুরে প্রিজনভ্যান থেকে আসামি রাজা ওরফে ‘পিচ্চি রাজা’ পালিয়ে যাওয়ার ঘটনায় পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে ঘটনার তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে পুলিশ।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তাহেরুল হক চৌহান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কারাগারে নেওয়ার পথে টয়লেটে যাওয়ার কথা বলে এক আসামি প্রিজনভ্যান থেকে পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশ কর্মকর্তাসহ পাঁচজনকে বরখাস্ত করা হয়েছে।
পুলিশ ও কারাগার সূত্রে জানা গেছে, রোববার সকালে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ৩০ জন আসামিকে ঢাকা মেট্রোপলিটন আদালতে নেওয়া হয়। আদালতের কার্যক্রম শেষে তাদের আবার কারাগারে ফেরত নেওয়ার সময় গাজীপুর মহানগরের বাইমাইল এলাকায় পৌঁছালে রাজা ওরফে পিচ্চি রাজা টয়লেটে যাওয়ার কথা বলে গাড়ি থেকে নামেন। পরে সুযোগ বুঝে দৌড়ে পালিয়ে যান।
কারাগার কর্তৃপক্ষ জানিয়েছে, পিচ্চি রাজার বিরুদ্ধে মাদক ও অস্ত্রসহ ২০ থেকে ২৫টি মামলা রয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।

মন্তব্য করুন