২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপের অনলাইন আবেদনের সময় বাড়ানো হয়েছে। নতুন সূচি অনুযায়ী, আগামী ১ অক্টোবর রাত ৮টা পর্যন্ত আবেদন করা যাবে।
সোমবার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সংশোধিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নির্ধারিত সময়ে অনেক শিক্ষার্থী নিশ্চায়ন বাতিল না করায় এবং ভর্তি সম্পন্ন না করায় সৃষ্ট জটিলতা সমাধানে দ্বিতীয় ধাপের সময়সূচি পুনর্নির্ধারণ করা হয়েছে।
দ্বিতীয় ধাপে আবেদন করতে পারবেন যারা আগে আবেদন করেননি, আবেদন করেও কোনো কলেজে নির্বাচিত হননি, মনোনয়ন পেয়েও নিশ্চায়ন বা ভর্তি সম্পন্ন করতে পারেননি এবং ভুল কোটা নির্ধারণের কারণে ভর্তি হতে পারেননি।
নতুন সূচি অনুযায়ী, দ্বিতীয় ধাপের ফল প্রকাশ হবে ৫ অক্টোবর রাত ৮টায়। নির্বাচনের নিশ্চায়ন করা যাবে ৮ অক্টোবর রাত ৮টা পর্যন্ত। মাইগ্রেশনের ফল প্রকাশ হবে ৯ অক্টোবর রাত ৮টায়। আর চূড়ান্ত ভর্তি চলবে ১১ থেকে ১৩ অক্টোবর।
নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন না করলে আবেদন ও নির্বাচন বাতিল হয়ে যাবে।
এদিকে প্রথম ধাপে আবেদন করেও কোনো কলেজে নির্বাচিত না হওয়া শিক্ষার্থীদের দ্বিতীয় ধাপে নতুন করে ২২০ টাকা আবেদন ফি দিতে হবে না। ভর্তি ওয়েবসাইটে লগইন করে কলেজের পছন্দক্রম নির্বাচন বা সংশোধন করলেই হবে।
শিক্ষার্থীদের সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দক্রমে রাখার পরামর্শ দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড। আবেদন করার আগে নিজ নিজ কোটার যোগ্যতা যাচাই করতেও বলা হয়েছে।

মন্তব্য করুন