দুবাই থেকে ইসরায়েলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি যাত্রীবাহী বিমানে দুই পাইলটের মধ্যে হাতাহাতি ও ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। পরিস্থিতির মধ্যে বিমানটি মাত্র দুই মিনিটে প্রায় ১৭ হাজার ফুট নিচে নেমে সৌদি আরবের তাবুক আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে।
ঘটনার সময় যাত্রীরা প্রথমে ধারণা করেছিলেন, বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। পরে জানা যায়, ককপিটে দুই পাইলটের মধ্যে সংঘর্ষ হয়েছিল এবং একজন পাইলট অপরজনকে ছুরি দিয়ে আঘাত করেন। আহত পাইলটের শার্ট রক্তে ভিজে যায়।
বিমানে থাকা এক যাত্রীর ভাষ্য অনুযায়ী, কয়েকজন যাত্রী হামলাকারী পাইলটকে নিবৃত করে ককপিট থেকে সরিয়ে নেন। এ সময় বিমানের পেছনে থাকা আরও দুই পাইলটকে ককপিটে গিয়ে নিয়ন্ত্রণ নিতে বলা হয়। পরে তারা বিমানটির নিয়ন্ত্রণ নিয়ে নিরাপদে তাবুকে অবতরণ করান।
এদিকে ঘটনার সময় বিমানটি ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে জরুরি সংকেত ‘৭৭০০’ পাঠায়। আন্তর্জাতিক উড়োজাহাজ চলাচলে এ সংকেত সাধারণ জরুরি পরিস্থিতি বোঝাতে ব্যবহৃত হয়। সংকেত পাওয়ার পর বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হলেও পরে জানা যায়, এটি কোনো ছিনতাইয়ের ঘটনা ছিল না।
তাবুক আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, বিমানটিতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং সব যাত্রী নিরাপদে আছেন। বিমানে থাকা এক দন্ত চিকিৎসক আহত পাইলটকে প্রাথমিক জীবনরক্ষাকারী চিকিৎসা দেন বলেও জানা গেছে।



মন্তব্য করুন