সৌদি আরবের তাবুক বিমানবন্দরে জরুরি অবতরণ করা ফ্লাইদুবাইয়ের সেই ফ্লাইটের যাত্রীরা অবশেষে তেল আবিবে পৌঁছেছেন। নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা পর উদ্ধারকারী ফ্লাইটে করে তারা ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে পৌঁছান।
যাত্রীদের নিয়ে উদ্ধারকারী ফ্লাইটটি স্থানীয় সময় বুধবার বিকেল ৫টা ৪০ মিনিটে সৌদি আরবের তাবুক থেকে ছেড়ে যায়। বেন গুরিয়ন বিমানবন্দরে পৌঁছানোর পর তাদের স্বাগত জানাতে সেখানে জড়ো হন অনেকে।
বুধবার ফ্লাইদুবাইয়ের এফজেড১০৭৩ ফ্লাইটে পাইলটকে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এরপর নিরাপত্তার কারণে বিমানটি সৌদি আরবের তাবুক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ মডেলের উড়োজাহাজটিতে ১৭০ জনের বেশি যাত্রী ছিলেন।
ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, হামলার শিকার পাইলটের নাম ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। তিনি ভারতের নাগরিক। হামলার পর গুরুতর আহত অবস্থায়ও তিনি ককপিটের নিয়ন্ত্রণ ধরে রাখেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ক্যাপ্টেন মাচ্ছারের সাহসিকতার প্রশংসা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি দাবি করেন, আহত অবস্থাতেও পাইলট হামলাকারীকে প্রতিহত করেন এবং ককপিটের দরজা খোলার সুযোগ তৈরি করেন। এতে যাত্রী ও ক্রুদের সহায়তায় হামলাকারীকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়।
এদিকে সৌদি আরবের রিয়াদে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, পাইলট স্মিত মাচ্ছারের শারীরিক অবস্থার ওপর তারা নজর রাখছে। হামলার পর তাকে তাবুকের একটি হাসপাতালে ভর্তি করা হয়। দূতাবাসের তথ্য অনুযায়ী, মাচ্ছারের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল এবং তিনি প্রয়োজনীয় চিকিৎসা নিচ্ছেন।

মন্তব্য করুন