হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মীর দেহ তল্লাশি করে ৯টি স্বর্ণের বার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউসের এয়ারপোর্ট ইউনিট। এ ঘটনায় ওই বিমানকর্মী ও এক যাত্রীকে আটক করা হয়েছে।

উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ১ হাজার ৪৯ দশমিক ৪০ গ্রাম। কাস্টমস কর্তৃপক্ষের হিসাবে, এসব স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ১০ লাখ টাকা।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার রাত আনুমানিক ১১টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এভসেকের সহায়তায় এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার উপস্থিতিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মী ওবায়দুর রহমানের দেহ তল্লাশি করা হয়।

এ সময় তার শার্টের পকেট ও কোমরের বেল্ট থেকে টিস্যুতে মোড়ানো অবস্থায় ৯টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। পরে কাস্টমস কর্তৃপক্ষ স্বর্ণগুলোর ওজন ও আনুমানিক মূল্য নির্ধারণ করে।

কাস্টমস সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওবায়দুর রহমানের দেওয়া তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট এক যাত্রীকে আটক করা হয়। একই ঘটনায় বিমানকর্মী ওবায়দুর রহমানকেও আটক করা হয়েছে।

কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার করা স্বর্ণ ও আটক ব্যক্তিদের বিষয়ে তদন্ত চলছে। এ ঘটনায় কাস্টমস আইন, ২০২৩ এবং সংশ্লিষ্ট অন্যান্য আইনে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।