ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ব্যাটারিচালিত ই-রিকশা চলাচল নিয়ন্ত্রণ ও শৃঙ্খলার আওতায় আনতে আনুষ্ঠানিক নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। এ জন্য প্রতিটি আবেদন ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা। তবে শুধু ফরম সংগ্রহ ও আবেদন করলেই ই-রিকশা চালানোর অনুমতি পাওয়া যাবে না। নিবন্ধন পেতে বেশ কিছু শর্ত পূরণ করতে হবে।
মঙ্গলবার (৩ নভেম্বর) থেকে নগর ভবন ও ডিএসসিসির সব আঞ্চলিক কার্যালয়ে নিবন্ধন আবেদন ফরম বিতরণ শুরু হয়েছে। এদিন ই-রিকশা নিবন্ধন ও ব্যবস্থাপনা নিয়ে এক বক্তব্যে এসব তথ্য জানান ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
তিনি জানান, আবেদনকারীদের প্রথমে নির্ধারিত নীতিমালা অনুযায়ী ই-রিকশা প্রস্তুত করতে হবে। এরপর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অনুমোদন বা ক্লিয়ারেন্স নিতে হবে। পাশাপাশি স্থানীয় সরকার বিভাগের জারি করা ‘সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল বিধিমালা, ২০২৬’-এর শর্ত পূরণ করতে হবে।
প্রশাসক বলেন, আবেদন ফরম কোনোভাবেই ই-রিকশা চলাচলের অনুমতিপত্র নয়। প্রয়োজনীয় কাগজপত্র ও বুয়েটের ক্লিয়ারেন্সসহ আবেদন জমা দেওয়ার পর যাচাই-বাছাই করে পর্যায়ক্রমে নিবন্ধন দেওয়া হবে।
ই-রিকশা ব্যবস্থাপনায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকাকে চারটি জোনে ভাগ করার পরিকল্পনা রয়েছে। আগামী ৫ নভেম্বর সিটি করপোরেশন ও পুলিশের যৌথ সভায় জোনের সীমানা এবং প্রতিটি এলাকায় ই-রিকশার সম্ভাব্য সংখ্যা নির্ধারণ করা হবে।
এ ছাড়া নির্ধারিত মডেলে ই-রিকশা তৈরি ও মেরামতের জন্য বিশেষ ওয়ার্কশপ এবং অবৈধ বিদ্যুৎ সংযোগ বন্ধে নির্দিষ্ট চার্জিং স্টেশন স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
প্রতিটি আবেদন ফরমের মূল্য ১০০ টাকা। সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নগর ভবন ও ডিএসসিসির আঞ্চলিক কার্যালয় থেকে ফরম সংগ্রহ করা যাবে। একজন ব্যক্তি সর্বোচ্চ পাঁচটি ফরম নিতে পারবেন।
প্রশাসক জানান, একসঙ্গে সব ই-রিকশা বন্ধ না করে ধাপে ধাপে নিবন্ধনের আওতায় আনা হবে। শর্ত পূরণকারী ই-রিকশাগুলো পর্যায়ক্রমে চলাচলের অনুমতি পাবে।

মন্তব্য করুন